দাউদকান্দিতে ঘন কুয়াশায় আট যানবাহনের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ সকালে ঘন কুয়াশার কারণে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে জিংলাতলীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এরপর আমিরাবাদে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় বাসিন্দা ইসহাক চৌধুরী বলেন, “আজ সকালে মহাসড়কে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। একে অপরকে ধাক্কা দিয়ে বাস ও মাইক্রোবাসগুলো দুর্ঘটনার শিকার হয়। এতে ১৫ জন আহত হয়েছেন।”

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী র‌্যাকার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, “সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধার কাজ চলছে এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।”

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সড়ক দুর্ঘটনার পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।