দায়িত্ব অবহেলায় গাজীপুরের ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। একইসঙ্গে তিনি হামলার জন্য পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন।

শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, “গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনায় পুলিশ বাহিনী ব্যর্থ হয়েছে, এবং আমি এই ব্যর্থতা স্বীকার করছি। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি হামলার জবাব দেওয়া হবে।”

নাজমুল করিম খান আরও জানান, “আমি শুনেছি, আমার ওসি দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছেন, যা অকথ্য। আমি তাকে সাসপেন্ড করব। যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশ বাহিনীতে কাজ করার সুযোগ দেওয়া হবে না।”

পুলিশ কমিশনার আরও বলেন, “যারা গত ১৭ বছর ধরে দেশের ওপর অত্যাচার চালিয়েছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু তাদের আর কোনো মাথাচাড়া বরদাশত করা হবে না। ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ রাতে অভিযান চালানো হবে।” তিনি আরও জানান, “অপারেশন ডেভিল হান্ট” নামে এক বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যার মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, পুলিশ কমিশনারের এই ঘোষণার পর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।