অনলাইন ডেস্ক:
দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) তাদের ২০২৪ সালের দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা সতর্ক করেছে যে দুর্নীতি বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতাকে পথে বাধা সৃষ্টি করছে। সংস্থাটি জানিয়েছে, জলবায়ু কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অনেক দেশের স্কোর আগের তুলনায় হ্রাস পেয়েছে, যা একটি বড় উদ্বেগের বিষয়।
টিআই-এর সিইও মাইরা মার্টিনি এক বিবৃতিতে বলেন, “দুর্নীতিবাজ শক্তি শুধু নীতিমালা তৈরি করে না, বরং প্রায়শই তা নির্ধারণ করে এবং ভারসাম্য ও নিয়ন্ত্রণ ভেঙে দেয়। অর্থপূর্ণ জলবায়ু কর্মকা-কে সম্পূর্ণভাবে পথভ্রষ্ট করার আগে আমাদের দুর্নীতি নির্মূল করতে হবে।”
সংস্থাটি আরও বলেছে, দুর্নীতি বিশ্ব উষ্ণায়ন মোকাবিলার জন্য নির্ধারিত তহবিলকে অন্য উদ্দেশ্যে সরিয়ে নিতে পারে এবং পরিবেশগত নিয়ন্ত্রণ বাস্তবায়নকে দুর্বল করে দিতে পারে, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকরী উদ্যোগকে বাধাগ্রস্ত করবে।
প্রতিবেদনে সরকারি খাতের দুর্নীতির ঝুঁকি বেশি এমন দেশগুলোকে শূন্য থেকে ১০০ স্কেলে কম স্কোর দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, চলতি বছরের জাতিসংঘের কোপ ৩০ জলবায়ু আলোচনার আয়োজক দেশ ব্রাজিল ৩৪ স্কোর পেয়েছে, যা এ যাবৎকালের সর্বনিম্ন রেটিং।











