নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয়ে গত সপ্তাহে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, দুর্বল বৈদ্যুতিক সংযোগের কারণে আগুনের ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী জানান, প্রাথমিক অনুসন্ধানে তিনটি স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়, তবে সেখানে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।
এছাড়াও, সচিবালয়ে এই অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের কোনো নথিপত্র পুড়ে যায়নি বলে জানিয়েছেন উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি। তিনি বলেন, মন্ত্রণালয়গুলোর নথিপত্র যেখানে সংরক্ষিত ছিল, আগুন সেখানে পৌঁছেনি।
তবে, অগ্নিকাণ্ডে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে।











