নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৭৯ টাকা। নতুন এই দাম নির্ধারণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দরে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা।
এতদিন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে ১৯৯ টাকায় দাঁড়াল। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯ টাকা।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎস পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। “বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই মূল্য বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই দাম সমন্বয় করা হয়েছে,” বলেন তিনি।
সরকারের আশা, নতুন দাম নির্ধারণের ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। মন্ত্রী বলেন, ভোক্তারাও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের চাপ, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এলো। বাজার বিশ্লেষকদের মতে, দাম সমন্বয়ের মাধ্যমে সরবরাহ সচল রাখার চেষ্টা করা হলেও এর প্রভাব সরাসরি ভোক্তা পর্যায়ে পড়বে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপের মধ্যে ভোজ্যতেলের নতুন দাম সাধারণ মানুষের ব্যয়ের হিসাবেও নতুন চাপ যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











