দেশে ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। এর ফলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই খরচ কমবে বলে জানান ফয়েজ আহমদ।

তিনি বলেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার নিরলসভাবে কাজ করছে এবং মানুষের সাশ্রয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগগুলোর মধ্যে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত উল্লেখযোগ্য। এর ফলে, ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমে আসবে। পাশাপাশি, ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (ডেন্স ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং) সুবিধা দেওয়ার কথা রয়েছে।

ফয়েজ আহমদ আরও জানান, এর ফলে টেলিকম কোম্পানিগুলোর ট্রান্সমিশন বাবদ খরচ ৩৯ শতাংশ কমে যাবে। তিনি বলেন, “ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে। অপারেটররা আশা করছেন, ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হবে।”

এছাড়া, তিনি আরও জানান, আগামী বছরের মাঝামাঝিতে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে, যা দেশের ইন্টারনেট সেবার আরও উন্নতি করবে।