নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আয়োজিত একটি মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন আয়োজকরা।
গত সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় সুনামগঞ্জে নারী বাউল শিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছিলেন সংস্কৃতিকর্মীরা।
মূলত সংস্কৃতিকর্মী ও বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে তথাকথিত ‘তৌহিদী জনতা’র ব্যানারে সন্ত্রাসীদের হামলা ও আগ্রাসনের প্রতিবাদেই এই শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘প্রতিবাদী শিল্পী জনতা’ নামক একটি নতুন প্ল্যাটফর্ম এই মানববন্ধনের আয়োজন করেছিল।
ঘটনার দিন বিকাল থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্ধারিত মানববন্ধন শুরু হওয়ার আগেই সেখানে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীল এবং শ্রমিকনেতা মুর্শিকূল ইসলাম শিমুলসহ বেশ কয়েকজন শিল্পী ও সংস্কৃতিকর্মী উপস্থিত হন। পরবর্তীতে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ভ্যানে করে দীপক শীলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অভিনেত্রী সুমনা সোমা গণমাধ্যমকে বলেন, ‘দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশের একজন সদস্য বলেছেন ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করেছি। পরে পুলিশ দীপককে ধরে নিয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই।’
তিনি আরও যোগ করেন, ‘জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের, আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এই স্লোগান আমরা দেবোই। কেউ থামাতে পারবে না।’
এদিকে এই আটকের বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দীপক নামের একজনকে আটক করে থানায় আনা হয়েছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।











