নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে তাকে আটক করা হয়। এদিকে দুপুরে ফুল দিতে আসা এক ব্যক্তি ও পরে তার রিকশাচালককে মারধর করেছে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একদল তরুণ।
আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন, অর্ণব যুবলীগের সক্রিয় কর্মী। তিনি বলেন, “তিনি সেখানে ফুল দিতে এসেছিলেন, তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।”
পরে অর্ণবকে থানায় পাঠানো হয়। আরেক বক্তব্যে ওসি তৈয়ব জানান, তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বেলা ১২টার দিকে রিকশায় করে ৩২ নম্বরে ফুল দিতে আসা এক ব্যক্তিকে মারধর করে জুলাই যোদ্ধা পরিচয়ধারী একদল তরুণ। মারধরের একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে তার রিকশাচালক আলমাসকে (২৭) ধরে মারধর করা হয়।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, পরে পুলিশ গিয়ে আলমাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি বলেন, “তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাকে নিরাপদে রাখা হয়েছে।”
তবে দুপুর সাড়ে ১২টার দিকে মারধরের বিষয়ে জানতে চাইলে ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কাউকে মারধরের বিষয়টি তার জানা নেই।
১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বৃহস্পতিবার থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। মিরপুর রোড দিয়ে ৩২ নম্বরে ঢোকার মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। রাস্তার পশ্চিম প্রান্তেও বসানো হয়েছে লোহার ব্যারিকেড। ব্রিজ দিয়ে চলাচলের সুযোগও রাখা হয়নি।
নিরাপত্তার অংশ হিসেবে সেখানে জলকামান রাখা হয়েছে। পুলিশ ছাড়াও র্যাব ও সাদা পোশাকে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এ অবস্থায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে মিরপুর সড়কের দিকে ৩২ নম্বর এলাকা ঘিরে মানুষের ভিড় রয়েছে।











