ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ি থেকে সিআইডির আলামত সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক:

ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এবং সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, “৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, তবে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।”

এর আগে, সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে সিআইডি ক্রাইম সিন ইউনিটের একটি দল পৌঁছায় এবং সেখানে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেয়। পরে সেখানে ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালার উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার ফায়ার সার্ভিস ওই বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে।