নিজস্ব প্রতিবেদক:
মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ এর প্রশাসক নিয়োগ এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ৭ মে সংশ্লিষ্ট একটি আবেদনের শুনানি শেষে এ রায় দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
সোমবার (১২ মে) এই আদেশের অনুলিপি আবেদনকারী পক্ষের আইনজীবী হাতে পেয়েছেন। আদালতে দেওয়া রায়ে বলা হয়, প্রশাসনিক বা পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে নগদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ আরোপের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর ফলে, বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন নগদ এখন থেকে তাদের বৈধ মালিকানার অধীনে এবং বাংলাদেশ ব্যাংক এর প্রণীত নীতিমালার আলোকে পরিচালিত হবে।
এর আগে, ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেন। নগদ এই পদক্ষেপকে অবৈধ ও প্রতিষ্ঠানের বিকাশের পথে বাধা হিসেবে উল্লেখ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি চাইছিল।
নগদের প্রধান আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ জামির উদ্দিন সরকার এই রায়কে দেশের অর্থনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “এই রায়ে প্রমাণ হয়েছে, কোনো কর্তৃপক্ষ জোরপূর্বক বৈধ মালিকদের তাদের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থেকে বঞ্চিত করতে পারে না।” তিনি সুপ্রিম কোর্টের এই রায়ের প্রশংসা করেন, যা আইনের শাসন ও সুশাসনের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে।











