ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বই নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: 9 November 2026, 3:37 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ঘোষণা এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বোর্ডের বই ছাড়া সকল ধরনের বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর একটি নিরঙ্কুশ আইনি অধিকার। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়ন করে সরকার প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করছে, যা মূল আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত। এই বেআইনি পরীক্ষা শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা সৃষ্টি করছে।

পাশাপাশি, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনাগুলোর সাথে অনৈতিক যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বোর্ডবইয়ের বাইরে শিশুদের কাঁধে অতিরিক্ত সহায়ক বই ও গাইডের বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছে। এই অমানবিক মানসিক চাপ ও অতিরিক্ত বইয়ের ভারে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা এবং চিন্তা করার ক্ষমতা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে।

এছাড়া, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এ শিশুদের জন্য কেবল এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। অথচ এই নির্দেশনার তোয়াক্কা না করে দেশব্যাপী কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বেআইনিভাবে সরকার অনুমোদিত কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো একাধিক স্তরের অননুমোদিত কোর্স চালু করে শিশুদের শিক্ষাকে একটি বাণিজ্যিক ফাঁদে পরিণত করেছে।

মন্তব্য করুন