নতুন বছরে হলিউডের ৫ আলোচিত সিনেমা

অনলাইন ডেস্ক:

২০২৫ সাল নতুন বছরের আগমন নিয়ে আসছে হলিউডের কিছু অন্যতম প্রতীক্ষিত সিনেমা। বড় বাজেটের দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টস এবং রোমাঞ্চকর গল্পের সমাহারে এই সিনেমাগুলো বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করার প্রতিশ্রুতি দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক নতুন বছরে আসন্ন ৫ ব্লকবাস্টার সিনেমার গল্প।

১. সুপারম্যান
সুপারহিরো ঘরানার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সুপারম্যান’ আবারও ফিরে আসছে নতুন রূপে। জেমস গান পরিচালিত এই সিক্যুয়েল মুক্তি পাবে ২০২৫ সালের জুলাই মাসে। নতুন সুপারম্যান হিসেবে অভিষেক হবে ডেভিড করেনসওয়েটের। ট্রেলারে বরফঝড়, বিস্ফোরণ এবং সুপারম্যানের আবেগময় লড়াই তুলে ধরা হয়েছে।
লুইস লেনের চরিত্রে র্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে নিকোলাস হল্ট অভিনয় করেছেন।
এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

২. টোয়েন্টি এইট ইয়ার্স লেটার
হরর ও থ্রিলারপ্রেমীদের জন্য উপযুক্ত এই সিনেমাটি ড্যানি বয়েলের পরিচালনায় মুক্তি পাবে ২০২৫ সালের ২০ জুন। রেগ ভাইরাস থেকে বেঁচে যাওয়া মানুষের গল্প। কাহিনি আবর্তিত হয় একটি ছোট দ্বীপে গড়ে ওঠা নতুন জীবনের এবং সেখান থেকে মূল ভূখণ্ডে ফিরে আসার প্রচেষ্টাকে কেন্দ্র করে।
অভিনয়ে অ্যারন টেলর-জনসন, জোডি কোমার, এবং সিলিয়ান মারফি।
এই সিনেমা তার অনন্য গল্পের জন্য ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে।

৩. কারাতে কিড: লিজেন্ড
কুংফু ও কারাতে ঘরানার ভক্তদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন অধ্যায়। লি ফং নামে এক কিশোরের নিউইয়র্কে নতুন জীবন শুরু এবং কারাতে প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে এগোয় গল্প। জ্যাকি চ্যান এবং রাল্ফ ম্যাকিওর যুগলবন্দি দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ। পুরনো কারাতে কিড ভক্তদের জন্য এটি হবে এক নস্টালজিক যাত্রা। মুক্তির তারিখ ২০২৫ সালের ৩০ মে।

৪. ডেথ অব এ ইউনিকর্ন
ডার্ক কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যালেক্স শার্ফম্যান। গল্প আবর্তিত হয় বাবা-মেয়ের এক ভিন্নধর্মী অভিযানের চারপাশে। একটি ইউনিকর্নকে আঘাত করার ঘটনাকে কেন্দ্র করে কাহিনি ভয়ংকর দিকে মোড় নেয়।
অভিনয়ে জেনা ওর্তেগা, টে লিওনি, এবং উইল পোল্টার।
অন্যরকম গল্পপ্রেমীদের জন্য এটি হতে পারে দারুণ অভিজ্ঞতা। মুক্তি পাবে ২০২৫ সালে।

৫. দ্য ইলেকট্রিক স্টেট
সায়েন্স-ফিকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো। গল্প এক অনাথ কিশোরীর, যে তার ছোট ভাইয়ের খোঁজে রহস্যময় রোবট এবং এক ড্রিফটারের সঙ্গে যাত্রা শুরু করে।
অভিনয়ে ক্রিস প্র্যাট, মিলি ববি ব্রাউন, এবং উডি হ্যারেলসন। এই সিনেমাটি ভিজ্যুয়াল ইফেক্টস এবং আবেগময় কাহিনির জন্য দর্শকদের মন জয় করবে। মুক্তির তারিখ ২০২৫ সালের ১৪ মার্চ।

নতুন বছরের এই সিনেমাগুলো হলিউডের বক্স অফিসে আলোড়ন তুলতে প্রস্তুত। প্রত্যেকটি সিনেমাই বিভিন্ন ঘরানার মাধ্যমে ভিন্ন ধরনের দর্শক আকর্ষণ করবে। সিনেমাপ্রেমীরা নতুন বছরের এই সিনেমার তালিকায় এখন থেকেই দিন গুনতে শুরু করেছেন।