নবীগঞ্জে প্রাইভেটকারে আগুন

জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জনতার বাজার সংলগ্ন গজনাইপুর নামক স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সাজিদুর রহমান জানান, ভোর ৬টা ৫৯ মিনিটে ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে মহাসড়কের ওপর কোনাকোনিভাবে রাখা প্রাইভেটকারে আগুন জ্বলতে দেখে তা দ্রুত নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, গাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডার অক্ষত ছিল এবং ভেতরে কোনো কিছু পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়রা দুর্ঘটনাটি দেখে আতঙ্কিত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।