নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, মামলা প্রত্যাহারের দাবি

জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় মালিকপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তাদের এ আন্দোলনের কারণে চাষাঢ়া এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এ সময় পোশাক কারখানার সুইং অপারেটর মিঠু চন্দ্র দাস বলেন, “কিছুদিন আগে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ আমাদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে এবং মাস্তানদের দিয়ে ভয় দেখানো হচ্ছে। এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে, নয়তো আমাদের আরও বেশি সমস্যা হবে।”

নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, “ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন না, এবং তাদের অভিযোগের কোন সমাধানও হচ্ছে না। প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়া হয়নি। ২৭ জন শ্রমিকের নামে মামলা করা হয়েছে, এবং পুলিশ ও মাস্তানদের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে।”

শ্রমিকরা দাবি করেন, “মালিকপক্ষ কারখানা খুলে দিক, এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশি হয়রানি বন্ধ করুক।”

এদিকে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, “ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় মালিকপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে নিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।”

নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজীব চন্দ্র ঘোষ বলেন, “ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাই মালিকপক্ষ মামলা করেছে। তবে শ্রমিকরা এখন সেই মামলা প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছে।”