নাৎসি বাহিনীর মতো আ.লীগ আর ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দেন, নাৎসি বাহিনী যেমন জার্মানিতে ফিরে এসে রাজনীতি করার সুযোগ পায়নি, তেমনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে ফিরে আর রাজনীতি করতে পারবে না।
সংসদের এই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে হরতালের সময় বাসে অগ্নিসংযোগের ভয়াবহ অতীত স্মৃতিচারণ করেন। তিনি বলেন, হরতালের নামে বাস পোড়ানো ছিল আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটন, বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসির একটি দোতলা যাত্রীবাহী বাসে গানপাউডার নিক্ষেপ করা হয়েছিল। দাহ্য পদার্থের ভয়াবহতায় মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা বের হওয়ার কোনো সুযোগ পাননি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসের ভেতরে আটকা পড়া যাত্রীরা আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকাজ চালানোও অসম্ভব হয়ে পড়েছিল। তিনি দাবি করেন, ওই ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৯ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এই নৃশংস ঘটনার স্বীকারোক্তি এখনো ইউটিউবে পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন।
বিরোধী দলের বক্তব্যের কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা এখনো অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলীয় নেতাদের নানা নির্দেশনা দিচ্ছেন। তার দাবি, জুলাই মাসে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এমনকি তাদের বাড়িঘর ভাঙচুর এবং দেশে ফিরলে আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এমন সুযোগ আর কখনোই তৈরি হবে না।
নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা এবং মানবাধিকারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও দেশে ফিরে তার প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
তিনি আরও যোগ করেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোভাবেই দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। তবে পরিস্থিতির প্রয়োজনে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে সরকার কোনোভাবেই পিছপা হবে না।
বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ ও গায়েবি মামলার পাশাপাশি জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এসব অপরাধের বিচার নিশ্চিত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
