ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

উখিয়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে স্থবির বটতলী বাজার

প্রকাশিত: 11 November 2026, 9:37 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে। বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দে প্রাণ বাঁচাতে মুহূর্তের মধ্যেই দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন আতঙ্কিত মানুষ।

স্থানীয়দের ভাষ্যমতে, ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মুন্না যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন।

ঘটনার সময় মুন্নার সাথে আরাফাত নামে আরও একজনকে দেখা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য অনুযায়ী, মুন্না ও আরাফাত—উভয়ের হাতেই আধুনিক পিস্তল ছিল, যা জনমনে তীব্র ভীতি সৃষ্টি করে।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ভিডিও ফুটেজে জিসান ও শমসুকে হাতে কিরিচ নিয়ে মহড়া দিতে দেখা গেছে, যা পুরো এলাকায় এক ধরনের নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন দীর্ঘদিন ধরে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন জয়নাল আবেদিন।

গণমাধ্যমের কাছে জয়নাল আবেদিন দাবি করেন, গুলিবর্ষণের ঘটনার সাথে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না দাবি করে বলেন, মূলত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন