নিখোঁজের তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জে সরিষা ক্ষেতে মিলল অটোচালকের লাশ

অনলাইন ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগর গ্রামে একটি সরিষা ক্ষেত থেকে তিন দিন নিখোঁজ থাকার পর শ্রী পলাশ (১৮) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

পলাশ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে। পুলিশ জানায়, গত বুধবার পলাশ অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। তার পরিবার এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে এলাকাবাসী একটি সরিষা ক্ষেতে পলাশের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, পলাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।