নির্বাচনের ফল উল্টে দিতে মরিয়া নেতানিয়াহুর দল লিকুদ
অনলাইন ডেস্ক:
ইসরায়েলের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতার সমীকরণ বদলাতে নতুন কৌশল অবলম্বন করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। আরব দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে ভোটার ট্র্যাকিংয়ের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে দলটি।
লিকুদের দাবি, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোটারদের গতিবিধি ট্র্যাক করে উপস্থিতি বাড়িয়েছে আরব দলগুলো। তাদের অভিযোগ, এই কৌশলের কারণেই নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আগামী ১৭ নভেম্বরের মধ্যে জেরুজালেম জেলা আদালতে আপিল দায়ের করা হবে বলে জানিয়েছে দলটি।
তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, এই ধরনের নিষিদ্ধ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল স্বয়ং লিকুদ পার্টির কর্মীরা, যাদের হার ৩২ শতাংশ। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে চলা দুটি প্রধান জালিয়াতির তদন্তও পর্যাপ্ত প্রমাণের অভাবে প্রায় ভেস্তে গেছে।
নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে না নিয়ে ফলাফল চূড়ান্ত করায় তা প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে জমা দেওয়া হয়েছে। পার্লামেন্টে ৬৭ জন সংসদ সদস্যের সমর্থনে বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে চলেছেন প্রেসিডেন্ট, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জনের।
আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু—এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে লিকুদ। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট এই অচলাবস্থা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে।
