নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন এবং তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ফেনীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত। এখানকার অতীত ইতিহাস তাই বলে। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মিন্টু বলেন, “জানুয়ারিতেই নির্বাচন হয়ে যেতে পারে। সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার বিষয়ক একটি মামলা চলমান। যদি কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তবে ৯০ দিনের মধ্যেই নির্বাচন হবে। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা যৌথ বিবৃতি দিয়েছি এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের সম্ভাবনার প্রতি আস্থা রাখি।”
সরকারের জবাবদিহিতা না থাকার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “গত ১৯ বছর ধরে আমরা আন্দোলন, অত্যাচার, নির্যাতন সহ্য করে এসেছি। কেউ যদি বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি—এটা সত্য নয়। আমরা ২০০৬ সাল থেকেই নির্বাচন চেয়ে আসছি। দেশে নির্বাচনকালীন সরকার না থাকায় জনগণের জীবনে উন্নয়ন হচ্ছে না।”
তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। দুই যুগ ধরে দেশে প্রকৃত নির্বাচিত সরকার নেই। একটি দেশের উন্নয়নের জন্য দায়বদ্ধ সরকার প্রয়োজন, যা নির্বাচন থেকেই আসে।”
