নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন না করতে পারার জন্য নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রভাব সবচেয়ে বড় কারণ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের এত বদনাম, এত গালি—এর মূল কারণ রাজনৈতিক প্রভাব। অতীতে নির্বাচন কমিশনকে রাজনীতির কাছে সঁপে দেওয়াই বড় সমস্যা হয়েছে। রাজনীতিবিদদের প্রভাব বন্ধ করা না গেলে আবারও একই ঘটনা ঘটবে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের সাহায্য করবেন, যাতে আমরা নিরপেক্ষ থেকে কাজ করতে পারি।”











