নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

জেলা প্রতিনিধি :

নড়াইলে যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক দয়াল দাস (২৭) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে। পুলিশ জানায়, সকালে যশোরগামী একটি মুরগি বহনকারী পিকআপ বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়লে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পিকআপ চালক দয়াল দাসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।