অনলাইন ডেস্ক:
ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে অন্তঃসত্ত্বা নারীসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী সানদোস জামাল মুহাম্মাদ শালাবি অন্তঃসত্ত্বা ছিলেন। ইসরায়েলি বাহিনী শিবিরে একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালালে সানদোস নিহত হন এবং তার স্বামী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, ফলে সানদোসের অনাগত শিশুটিও বাঁচানো সম্ভব হয়নি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, একই দিনে ইসরায়েলি বাহিনী ২১ বছর বয়সী রহাফ ফুয়াদ আব্দুল্লাহ আল-আশকারকেও তার বাড়িতে হত্যা করে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানায়, এই হামলাটি পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের নূর শামস শরণার্থী শিবিরে সংঘটিত হয়েছে।











