ভারতের বিরুদ্ধে ফেক ন্যারেটিভ তৈরি করার অভিযোগ শেরি রেহমানের

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের সিনেটর ও সাবেক মন্ত্রী শেরি রেহমান বলেছেন, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার করেছে। তিনি দাবি করেন, পাকিস্তান কূটনৈতিকভাবে এই প্রচেষ্টা সফলভাবে প্রতিরোধ করেছে।

শেরি রেহমান ভারতের কূটনৈতিক নীতির সমালোচনা করেছেন। তিনি বলেন, “ভারত আগে তালেবানের বিরুদ্ধে কথা বলত, কিন্তু এখন তাদের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলছে। এটা দ্বিমুখী নীতি।” তার মতে, ভারতের এই আচরণ আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে প্রশ্নবিদ্ধ।

পাকিস্তানের পশ্চিম সীমান্ত এখনো অত্যন্ত সংবেদনশীল এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় লড়াই চলছে বলে উল্লেখ করেন শেরি রেহমান। তবে তিনি বলেন, “বিগত কয়েক বছরে পাকিস্তান অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করেছে, যার ফলে বিশ্বের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তিত হয়েছে।”

পানি সংকট নিয়ে ভারতকে আক্রমণ করে শেরি রেহমান বলেন, “সিন্ধু নদী কোনো কল নয়, যেটা ইচ্ছেমতো বন্ধ করে দেওয়া যায়।” তিনি ভারতকে এই আচরণ চাপ প্রয়োগের কৌশল হিসেবে চিহ্নিত করেন।

শেরি রেহমান বলেন, ভারত ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেয়েছিল, কিন্তু কূটনৈতিকভাবে পাকিস্তান এই প্রচেষ্টাকে যথেষ্ট সফলভাবে প্রতিহত করেছে।

তিনি আরো জানান, ভারতের ভেতর থেকেই সরকার ও এর নীতির বিরুদ্ধে প্রশ্ন উঠছে। এভাবে ভারতের আচরণ বিশ্বমঞ্চে পাকিস্তানের অবস্থান শক্ত করেছে বলে মনে করেন শেরি রেহমান।

শেরি রেহমান বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত সিনেটর এবং তিনি পূর্বে জলবায়ু পরিবর্তন ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।