ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বৈভব সূর্যবংশীর ব্যাটে কি এআই চিপ আছে!

প্রকাশিত: 26 November 2026, 4:14 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাত ‘এ’ দলের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর ম্যাচে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান তিনি। তার এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর এবার আলোচনায় এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াও। কিশোর এই ব্যাটারের ব্যাটে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বসানো রয়েছে, এমনই মজার মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক জুগিয়েছে আইসল্যান্ড ক্রিকেট।

ম্যাচে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নেন তিনি। তার এই ব্যাটিং নৈপুণ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত ‘এ’।

সূর্যবংশীর এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইসল্যান্ড ক্রিকেটের পোস্টটি বেশ সাড়া ফেলেছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে টেনে এনে সংস্থাটি লিখেছে, ‘মঙ্গলবার জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার সিইও হিসেবে দায়িত্বে ফিরেছেন। আর বুধবার বৈভব সূর্যবংশীর ব্যাটে থাকা এআই চিপগুলোও ফিরে এসেছে, এটা মোটেও কাকতালীয় নয়।’

আইসল্যান্ড ক্রিকেটের এই রসিকতার মন্তব্য মুহূর্তেই ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ে। এদিকে ভারতের এই বিস্ময়বালকের প্রশংসায় পঞ্চমুখ দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। সূর্যবংশীকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে এত অল্প বয়সেই তাকে নিয়ে অতিরিক্ত তুলনা কিংবা প্রত্যাশার চাপ তৈরি না করার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘সে ভালো খেলোয়াড়। এই বয়সেই আইপিএলেও দারুণ খেলেছে। সে অনেক বড় সম্ভাবনাময় ক্রিকেটার। ভারতের হয়ে যত সুযোগ পেয়েছে, সেগুলোও ভালোভাবে কাজে লাগিয়েছে।’

তবে সূর্যবংশীকে অন্য ক্রিকেটারদের সঙ্গে তুলনা না করার আহ্বান জানিয়ে গাঙ্গুলী আরও বলেন, ‘তুলনা-টুলনা করবেন না। তাকে খেলতে দিন। সে বাহাতি ব্যাটার, বয়স মাত্র ১৫-১৬ বছর। তাকে নিজের মতো করে খেলতে দিন।’

মন্তব্য করুন