পিরোজপুরে বাসের চাপায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় ইমাদ পরিবহন নামের একটি বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকও। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের নাম মাহাবুব মোল্লা ও তার ছেলে ইয়াদ আলী মোল্লা, তারা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা। আহত ভ্যানচালক মইন শেখ উপজেলার হুগলাবুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হন। ভ্যানচালকও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, “আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাই তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”