অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে গুলি চালিয়ে পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমদ, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং এসআই শাহাদাত হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন। মামলার তদন্তে সহায়তার জন্য পিবিআই-এর পুলিশ পরিদর্শক মো. রমিজুল হক আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, তবে তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আসামি তানজিল আহমদ আদালতে বলেন, “আমি দুই মাস আগে যাত্রাবাড়ীতে পোস্টিং পেয়েছিলাম এবং ট্রাফিক পুলিশের এসি ছিলাম। আমি এই ঘটনার কিছু জানি না।” তারপর আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ আগস্ট ইমাম হাসান তাইমের মায়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় তৎকালীন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ও এসআই শাহাদাত আলীকে আসামি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকার কারফিউ জারি করেছিল, তবে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের ছাত্র ইমাম হাসান তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যান। সেখানে কিছু বিক্ষোভকারীরা আন্দোলন করছিলেন।
পুলিশের নির্দেশে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালানো হয়। ছাত্ররা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। তাইম ও তার দুই বন্ধু একটি চা স্টোরের ভেতরে আশ্রয় নেন, তবে সাটারের নিচে কিছুটা ফাঁকা ছিল। পুলিশ তাদের টেনে বের করে এবং গুলি চালায়। গুলির হাত থেকে বাঁচতে দৌড়ানোর সময় তাইমকে গুলি করা হয়, এবং বিনা চিকিৎসায় তিনি মারা যান।











