প্রধান উপদেষ্টার বক্তব্য বিকৃত করে বিভ্রান্তির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ও কিছু অনলাইন মাধ্যমে দাবি করা হয় যে, ড. ইউনূস আওয়ামী লীগের ‘কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার’ কথা বলেছেন। তবে তদন্তে দেখা গেছে, প্রধান উপদেষ্টা এমন কোনো বক্তব্য দেননি।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম নিশ্চিত করে, ড. ইউনূস বলেছেন— “কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না। অন্যথায়, আমরা নির্বাচন করতে পারবো না।”

এর মাধ্যমে তিনি মূলত একটি শর্তাধীন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, কিন্তু কোনভাবেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেননি বলে স্পষ্ট করেছে বাংলাফ্যাক্ট।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় সিদ্ধান্ত হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে গুজব, ভুয়া খবর এবং অপতথ্য প্রতিরোধের লক্ষ্যে কাজ করছে তারা, যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং প্রকৃত তথ্য বুঝতে পারে।