নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিন পাওয়া ১৬৮ জন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য সাড়ে ১৫ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, মুক্তির জন্য ১৬৮ জনের তালিকা কারাকর্তৃপক্ষ হাতে পেয়ে তাদের মুক্তি প্রদান করা হয়েছে।
এ ঘটনায় গত ১৯ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় ১৭৮ জনের জামিন মঞ্জুর করেন। ২১ জানুয়ারি জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হয়। ওই ঘটনায় হত্যাকাণ্ড এবং বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ করার পরও বিস্ফোরক আইনের মামলায় ৪৬৮ জনের মুক্তি আটকে ছিল।
হত্যাকাণ্ডের মামলায় হাইকোর্টের ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১৭ সালের ২৬-২৭ নভেম্বর রায় ঘোষণা করা হয়। ১৩৯ জনের মৃত্যুদণ্ড, ১৮৫ জনের যাবজ্জীবন সাজা এবং ২২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ২৮৩ জন খালাস পেয়ে মুক্তি পান।











