অনলাইন ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান প্রদেশে বন্যার পানিতে একটি ভ্যানগাড়ি ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুইজন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। পালাওয়ান প্রদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তা ম্যাক ভিলারোসা জানান, ১২ জন যাত্রী বহনকারী ভ্যানটি বন্যার পানিতে আটকা পড়ে।
তিনি আরও জানান, সোমবার পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ভ্যানের চালক ও তার স্ত্রী।
প্রাদেশিক জরুরি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় পালাওয়ানের অন্তত চারটি শহর থেকে ১,৪৫৪টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।











