ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট

জেলা প্রতিনিধি :

জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংকট চরমে পৌঁছেছে। নানা উদ্যোগ গ্রহণ করেও বিদ্যালয়গুলোতে ভর্তির হার বাড়ছে না। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি সংখ্যা কমেছে প্রায় ১১ হাজার। আবার উপজেলা পর্যায়ের পরিসংখ্যানের সঙ্গে জেলা তথ্যের মিল নেই ৯৯ হাজারেরও বেশি শিক্ষার্থীর।

জেলার ৫৩৪টি বিদ্যালয়ের মধ্যে ১৮০টিতে শিক্ষার্থীর সংখ্যা ১০০-এর নিচে এবং ১২টিতে তা ৫০-এরও কম। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর চেয়ে শিক্ষকের সংখ্যা বেশি হলেও মানসম্মত শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা।

সরেজমিনে বিভিন্ন উপজেলায় দেখা গেছে, অনেক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা হাতে গোনা। ফুলগাজীর এক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থীই নেই। অন্যদিকে কিন্ডারগার্টেন ও মাদরাসায় অভিভাবকদের আগ্রহ বেশি। তারা বলছেন, সেখানে মানসম্মত পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও রয়েছে।

প্রাথমিক শিক্ষক সমিতি বলছে, ধর্মীয় শিক্ষকের অভাব ও পাঠ্যবই নিয়ে বিরূপ ধারণার কারণে অনেক পরিবার সরকারি বিদ্যালয়ের চেয়ে মাদরাসা বা কিন্ডারগার্টেন বেছে নিচ্ছে। এছাড়া, বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট, শিক্ষকের অনীহা এবং তদারকির ঘাটতি সংকটকে আরও ঘনীভূত করেছে।

শিক্ষাবিদ ও অভিভাবক নেতৃবৃন্দ মনে করছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও আস্থার সংকট দূর না হলে এই ধারা আরও ভয়াবহ আকার নিতে পারে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, সংকট নিরসনে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সমন্বয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।