‘ডেভিল ওয়্যার্স প্রাদা’র সিক্যুয়েল নিয়ে নতুন আলোচনা

অনলাইন ডেস্ক:

২০০৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ফ্যাশন কমেডি-ড্রামা চলচ্চিত্র ‘ডেভিল ওয়্যার্স প্রাদা’ এখনও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে। ফ্যাশন জগৎ এবং একজন নারীর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ নিয়ে তৈরি এই ছবির সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি, সিনেমাটির সিক্যুয়েল নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী এমিলি ব্লান্ট।

এক সাক্ষাৎকারে এমিলি ব্লান্ট জানিয়েছেন, সিক্যুয়েলের জন্য নানা আলোচনা চলছে। তিনি বলেন, “আমরা যদি আবার একসঙ্গে কাজ করতে পারি, তা সত্যিই অসাধারণ হবে।” এমিলি আরও জানান, তার সহশিল্পীরা, বিশেষ করে মেরিল স্ট্রিপ এবং স্ট্যানলি টুচি, এই প্রজেক্ট নিয়ে দারুণ আগ্রহী।

প্রতিবেদন অনুযায়ী, ডিজনি সিক্যুয়েলটি তৈরি করার চেষ্টা করছে। সিনেমাটির মূল লেখক অ্যালাইন ব্রশ ম্যাকেনা, প্রযোজক ওয়েন্ডি ফিনারম্যান, এবং পরিচালক ডেভিড ফ্রাঙ্কেল আবারও একসঙ্গে কাজ করবেন। স্ট্যানলি টুচি ইতিমধ্যেই সিক্যুয়েলে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

‘ডেভিল ওয়্যার্স প্রাদা’ মডার্ন মিউজ জার্নালে কাজ শুরু করা এক তরুণীর গল্প নিয়ে তৈরি। অ্যান্ড্রিয়া স্যাক্স চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে। তার বস, কঠোর সম্পাদক মিরান্দা প্রিস্টলি চরিত্রে ছিলেন মেরিল স্ট্রিপ। মিরান্ডার প্রথম সহকারী এমিলি চরিত্রে এমিলি ব্লান্টের অভিনয় ছিল প্রশংসিত।

প্রথম ছবিটি দর্শক ও সমালোচকদের থেকে প্রচুর প্রশংসা পেয়েছিল। সিক্যুয়েল নিয়ে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ডিজনির এই উদ্যোগ সফল হলে, মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথওয়ে, এমিলি ব্লান্ট, এবং স্ট্যানলি টুচিকে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। এখন শুধু অপেক্ষা, কখন চূড়ান্ত ঘোষণা আসে এবং দর্শকদের প্রিয় এই চরিত্রগুলো আরও একবার ফ্যাশন জগতের গল্প নিয়ে ফিরে আসে।