বড়দিনে আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ করেছে ডিএমপি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড়দিন উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ নিষেধাজ্ঞা ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় বলবৎ থাকবে।

ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করে বড়দিন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।