জেলা প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে। চলমান একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনের মধ্যেই এবার আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে পুরো দক্ষিণবঙ্গ অচল করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি এখন আর ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। চলমান ২৮ দিনের আন্দোলনের একপর্যায়েও তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেননি। অথচ এখন এসে ফেসবুক লাইভে বক্তব্য দিচ্ছেন। আমাদের স্পষ্ট কথা—একজন ফ্যাসিস্ট উপাচার্যকে আমরা চাই না।”
আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন জানান, “শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা একত্রিতভাবে এই আন্দোলনে রয়েছেন। দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর হবে।”
এদিকে, আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা লাগানো, মশাল মিছিল, সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলনের মতো নানা কর্মসূচি পালন করে আসছেন।
সোমবার ২৫টি বিভাগে পরীক্ষা চললেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। শিক্ষকদের একাংশ এবং কর্মকর্তা-কর্মচারীরাও আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।











