নিজস্ব প্রতিবেদক:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অতীতের যেকোনো স্বৈরাচারের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন ‘সোনার বাংলা’য় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, “আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের স্বৈরাচারের তুলনায় এখনকার স্বৈরাচার আরও ভয়ংকর। দেশে গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তা আর গোপন রাখার মতো অবস্থায় নেই।”
তিনি অভিযোগ করে বলেন, গত এক বছরে ‘চব্বিশের আন্দোলনকারীদের’ আচরণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি বলেন, “আমি মনে করেছিলাম চব্বিশের আন্দোলন স্বাধীনতার কাছাকাছি একটি আন্দোলন। আমি তাদের সমর্থনও করেছিলাম। কিন্তু মাত্র এক বছরেই সেই আন্দোলন বিজয়ের পরিবর্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে—এটা অকল্পনীয়।”
সংবাদ সম্মেলনে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তার ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তাদের দ্রুত মুক্তির দাবি জানান।
একই সঙ্গে কাদের সিদ্দিকী আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বাংলাদেশে বর্তমানে যে দমননীতি ও গণতান্ত্রিক অধিকার হরণ চলছে, তা আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরতে হবে।”










