বর্ষায় ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখার সহজ কৌশল

অনলাইন ডেস্ক:

বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে ঘরের ফ্রিজে রাখা শাকসবজি দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে ফ্রিজে সৃষ্টি হয় অসহনীয় দুর্গন্ধ। এছাড়া, দীর্ঘ সময় ধরে সংরক্ষিত বিভিন্ন ধরনের খাবার থেকে নির্গত গ্যাসও ফ্রিজের অভ্যন্তরে দুর্গন্ধ ছড়াতে পারে।

এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হতে পারে একটি সাধারণ উপকরণ—লবণ। রান্নার উপকরণ হিসেবে পরিচিত হলেও, ফ্রিজে লবণ রেখে দিলে তা দুর্গন্ধ দূর করতে সহায়ক ভূমিকা রাখে।

ফ্রিজে লবণ রাখবেন যেভাবে:

একটি পরিষ্কার বাটিতে প্রায় ১০০ গ্রাম মোটা দানার লবণ নিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। প্রতি সপ্তাহে একবার লবণ পরিবর্তন করলে সর্বোচ্চ কার্যকারিতা পাওয়া যাবে।

লবণের কার্যকারণ:

লবণ একটি হাইগ্রোস্কোপিক পদার্থ, অর্থাৎ এটি বাতাস বা পরিবেশ থেকে আর্দ্রতা শোষণ করতে সক্ষম। ফলে ফ্রিজের ভেতরের বাড়তি আর্দ্রতা শুষে নিয়ে ফ্রিজের ভেতরকে শুষ্ক রাখে এবং দুর্গন্ধ সৃষ্টি হওয়া রোধ করে।

লবণ রাখার উপকারিতা:

শাকসবজি দ্রুত পচে না, ফলে খাবার অপচয় কমে।

কম আর্দ্রতা মানেই কম চাপ কম্প্রেসারের উপর, তাই বিদ্যুৎ সাশ্রয় ও ফ্রিজ দীর্ঘস্থায়ী।

দুর্গন্ধমুক্ত ও হাইজেনিক ফ্রিজ নিশ্চিত হয়।

বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়?

যারা লবণ ব্যবহার করতে চান না, তারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এটিও প্রাকৃতিক গন্ধনাশক হিসেবে ভালো কাজ করে।