বাংলাদেশের দুর্নীতির সূচকে দুই ধাপ অবনতি

নিজস্ব প্রতিবেদক:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত বৈশ্বিক দুর্নীতির সূচকে বাংলাদেশ দুই ধাপ নিচে নেমে ১৫১তম স্থানে অবস্থান করছে। এবার দেশটি মধ্য আফ্রিকার কঙ্গো এবং ইরানের সঙ্গে যৌথভাবে এই অবস্থানে রয়েছে। এটি বাংলাদেশের জন্য গেলো তেরো বছরের মধ্যে সবচেয়ে কম স্কোর।

গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম, তবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, এবারের সিপিআই (কন্ট্রপশন পারসেপশন ইনডেক্স) ২০২৪ সূচকে বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৩, যা আগের বছরের তুলনায় এক পয়েন্ট কম এবং গেলো তেরো বছরের মধ্যে সর্বনিম্ন।

২০১২ থেকে ২০২২ পর্যন্ত বাংলাদেশ সিপিআইতে ২৫ থেকে ২৮ স্কোর অর্জন করেছিল, তবে ২০২৩ সালে এটি কমে ২৪-এ পৌঁছায়। এবার ২০২৪ সালে বাংলাদেশের স্কোর আরও কমে ২৩-এ দাঁড়িয়েছে, যা গত তেরো বছরের গড় স্কোরের তুলনায় তিন পয়েন্ট কম।

এ বছরের সিপিআই সূচকে বিশ্বের দুই-তৃতীয়াংশ দেশ পঞ্চাশের নিচে স্কোর পেয়েছে। গেল বছর ৫৬টি দেশের স্কোর বেড়েছে, ৯৩টি দেশের স্কোর কমেছে এবং ৩১টি দেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে কোনো দেশই ১০০ স্কোর অর্জন করতে পারেনি।

২০২৪ সালের সিপিআই তালিকায় ডেনমার্ক ৯০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে, এরপর রয়েছে ফিনল্যান্ড (৮৮) এবং সিঙ্গাপুর (৮৪)। অন্যদিকে, দক্ষিণ সুদান ৮ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে, তার পরেই রয়েছে সোমালিয়া (৯) এবং ভেনিজুয়েলা (১০)।

এদিকে, পাকিস্তানের সিপিআই স্কোরেও অবনতি ঘটেছে। ২০২৩ সালে পাকিস্তান ১৩৩তম অবস্থানে থাকলেও, এবারের সূচকে ১৩৫তম স্থানে নেমে গেছে।