বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নতুন কোচ, পাকিস্তানের দায়িত্বে মাইক হেসন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ শুরুর আগে বড় পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ মাইক হেসনকে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে ২৬ মে পাকিস্তান দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এই অভিজ্ঞ কিউই কোচ।

পূর্বে দুই বছরের চুক্তিতে হেড কোচের দায়িত্বে ছিলেন গ্যারি কারস্টেন। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় পদত্যাগ করেন এই দক্ষিণ আফ্রিকান। তার অনুপস্থিতিতে আন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। এখন হেসন তার স্থলাভিষিক্ত হলেন।

হেসনের অধীনে হেড কোচের দায়িত্ব না থাকলেও, আকিব জাভেদ পুরোপুরি দলের বাইরে যাচ্ছেন না। তিনি পিসিবির নির্বাচক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। পাশাপাশি তাকে ডিরেক্টর অব হাই পারফরম্যান্স হিসেবে রাখছে বোর্ড।

পাকিস্তানের হেড কোচ হিসেবে মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটি পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে এবং তা দিয়ে শুরু হবে তার পাকিস্তান অধ্যায়।

বর্তমানে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে পিএসএলে দায়িত্ব পালন করছেন হেসন। দলটি বর্তমানে শিরোপাধারী। আসর শেষ হওয়ার পরদিনই তিনি জাতীয় দলের দায়িত্বে যোগ দেবেন।

৫০ বছর বয়সী মাইক হেসন ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত নিউজিল্যান্ড দলের কোচ ছিলেন। তার কোচিংয়ে কিউইরা প্রথমবারের মতো ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলেন তিনি।

পরে ২০১৯ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ডিরেক্টর অব ক্রিকেট পদে যোগ দেন এবং ২০২৩ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেন।