বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ভারতীয় মিডিয়ার অপপ্রচার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোন ঘটনা ঘটছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার।” তিনি বলেন, “সংখ্যালঘুদের বিষয়ে ৫ আগস্টের পর যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটি মূলত রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও পুনর্বাসনে যুক্তরাষ্ট্র নেতৃত্বের ভূমিকা পালন করছে।”

চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন জানান, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের পুনর্বাসনে বৃহত্তম দাতা হিসেবে কাজ করছে এবং বাংলাদেশে প্রায় ১৭ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসন করেছে, যা এখনও চলমান রয়েছে।

বৈঠকে দুদেশের মধ্যে নিরাপত্তা, সন্ত্রাস দমন, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত পরিস্থিতি, সংখ্যালঘু ইস্যু, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, পুলিশ সংস্কার কমিশন, কৃষি খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা আরও বলেন, “আমরা নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনা করছি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পরবর্তী বৈঠক আগামী মাসে দিল্লিতে হবে।”

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণের আরও সুযোগ বাড়ানোর অনুরোধ করেন।