বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ আগামী রবিবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংলাপে দুই দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে, এছাড়াও ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হবে।

সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম, এবং বেলজিয়ামের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক মহাপরিচালক ও রাষ্ট্রদূত জেরইন কুরেমান।

জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অফিস অব দ্য প্রসিকিউটরের প্রস্তাবিত সাক্ষী প্রতিরক্ষা প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে।

এদিকে, আইসিসি প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খান আগামী ২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।