ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

টাকার বিনিময়ে ট্রাম্পের অভিনন্দন! নেপথ্যে মার্কিন লবিং ফার্মের চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: 9 November 2026, 3:09 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ভারতের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন জানানোর বিষয়টি কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য ছিল না। ভারতীয় দূতাবাসের সঙ্গে মাসিক চুক্তির ভিত্তিতে কাজ করা একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার অংশ হিসেবেই ওই পোস্টটি দেওয়া হয়েছিল, যা সম্প্রতি মার্কিন ওই লবিং ফার্মটির প্রকাশ্য নথিপত্র থেকে প্রকাশ্যে এসেছে।

গত জুনে ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্প যে পোস্টটি দিয়েছিলেন, সেটি মূলত ভারতীয় দূতাবাসের সঙ্গে চুক্তিভুক্ত মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের একটি লবিং প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছিল বলে জানানো হয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেওয়ার সময় ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে প্রভাব বিস্তারকারী দুটি শীর্ষস্থানীয় লবিং ফার্মের সঙ্গে চুক্তি করে। এর মধ্যে অন্যতম হলো মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স, যার সঙ্গে ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লঞ্জার প্রতি মাসে ৭৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকার বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেন।

প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন টিম হলো মূলত এমন একটি বিশেষ পর্ষদ, যা মার্কিন কোনো প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর দেশটির সরকারের প্রশাসনিক ক্ষমতা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষে গঠিত হয়ে থাকে। তথ্য অনুযায়ী, ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি উইলও ২০২৪ সালের শেষ নাগাদ এই লবিং ফার্মটির একজন নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা বিদেশি এজেন্ট নিবন্ধন আইনের অধীনে দাখিল করা একটি ফাইলিংয়ের মাধ্যমে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স এই চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ্যে এনেছে। এই বিশেষ আইন অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি মার্কিন মাটিতে কোনো বিদেশি সরকার কিংবা রাজনৈতিক দলের পক্ষে লবিং কার্যক্রম পরিচালনা করেন, তাদের পারস্পরিক সম্পর্ক, কার্যক্রম এবং যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব প্রকাশ করা বাধ্যতামূলক।

এদিকে, ভারতীয় দূতাবাস কেবল একটি নয়, বরং মার্কিন নীতিনির্ধারক মহলে নিজেদের প্রভাব বাড়াতে ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’ নামের আরও একটি লবিং ফার্মকে নিয়োগ দিয়েছিল, যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারী জেসন মিলার। এই দ্বিতীয় ফার্মটির সঙ্গে ভারতীয় দূতাবাসের মাসিক চুক্তির আর্থিক পরিমাণ ছিল আরও বেশি, যা প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪০ লাখ টাকার সমান।

জানা গেছে, এই লবিং ফার্মটির কাজের সুনির্দিষ্ট পরিধির মধ্যে অন্তর্ভূক্ত ছিল মার্কিন প্রশাসন, কংগ্রেস, বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার, থিংক ট্যাংক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সামনে দ্বিপাক্ষিক নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ প্রদান এবং সরকারি সম্পর্ক রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা।

এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি জানিয়েছে যে, গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের প্রাক্কালে তারা নয়াদিল্লি এবং শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের মধ্যে ফোনালাপের সফল ব্যবস্থা করেছিল। এছাড়া, রুবিও গত ২৩ ও ২৪ মে ভারত সফরকালে মার্কিন দূতাবাস কর্তৃক আয়োজিত ‘আমেরিকা অ্যাট ২৫০’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং ওই দুটি গুরুত্বপূর্ণ ইভেন্টও তাদের লবিং কার্যক্রমের তালিকায় অন্তর্ভুক্ত ছিল, যে সময় জেসন মিলারও ব্যক্তিগতভাবে নয়াদিল্লিতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, লবিং ফার্মগুলোর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর কংগ্রেসের মিডিয়া সমন্বয়ক হারমিত কৌর সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রতিবেদনটি শেয়ার করে তীব্র সমালোচনা ও প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন যে, মার্কিন লবিং ফার্মগুলোর পেছনে প্রতি মাসে আকাশছোঁয়া ২ লাখ ২৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১ লাখ টাকারও বেশি অর্থ ব্যয় করে ভারতীয় করদাতারা দিনশেষে আদতে কী সুফল লাভ করছেন? মার্কিন প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল থেকে অর্থের বিনিময়ে স্পনসর করা বা পেইড একটি অভিনন্দনমূলক পোস্টের পেছনে এত বড় অঙ্কের অর্থের প্রয়োজনীয়তা কী ছিল, সেই প্রশ্নও জোরালোভাবে তুলেছেন তিনি।

মন্তব্য করুন