নিজস্ব প্রতিবেদক:
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বৈধ অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার লক্ষ্যে আগামী আগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টি নিশ্চিত করেছে একটি কূটনৈতিক সূত্র।
বর্তমানে সফর সফল করতে দুই দেশের কর্মকর্তারা চূড়ান্ত প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে চলতি মে মাসের শুরুতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকা সফর করেন। তিনি ৫ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
সেই বৈঠকে বৈধ উপায়ে আরও জনশক্তি নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে ইতালির আগ্রহের কথা জানান মাত্তেও। এছাড়া মানবপাচার রোধ, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং রোম-ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে, বাংলাদেশও অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা দেশটির প্রতি কৃতজ্ঞ এবং সন্তুষ্ট।
বৈঠকে তিনি উল্লেখ করেন, গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয়।











