জেলা প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে। প্রশাসনের এই নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী ও প্রথম বর্ষের শিক্ষার্থী সকাল থেকেই হল ত্যাগ করতে শুরু করেন।
তবে এই নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে জড়ো হন। তারা ঘোষণা দেন—যে কোনো পরিস্থিতিতেই হলে অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এবং মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট এলাকায় গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত হলে অবস্থান চালিয়ে যাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “কিছু হলেই হল ছাড়ার নির্দেশ দেয়, এই হল বা বিশ্ববিদ্যালয় কারও পৈতৃক সম্পত্তি নয়। ভয়-ভীতি দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। যতক্ষণ না দাবি মানা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।”










