জেলা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলার দুর্গম ফাঁসিয়াখালীর মুরুংঝিরি এলাকা থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ২৬ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর বিকেলে এক শ্রমিকের মোবাইল থেকে ফোন করে প্রতিজনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরুংঝিরি এলাকায় কয়েকটি রাবার বাগানে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে নিয়ে যায়।
ঘটনার পর থেকে মুরুংঝিরি ও আশপাশের গোয়ালমারমা, মংবিচর ও তীরেরডেবা এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।
রাবার বাগানের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অপহৃতদের মধ্যে ২০ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে রয়েছেন মো. ফারুক (২৬), আয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), আবদুল খালেক (২০), আবদুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুন (৩০), রমিজ উদ্দিন (৩২), সৈয়দ নুর (২৮), মো. কায়ছার (৩৮), মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মো. মঞ্জুরুল (৩০), আবছার আলী (২৫), খায়রুল আমিন (৩০), আবু বক্কর (২৮), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তবে বাকি ছয়জনের নাম এখনো জানা যায়নি।
মুরুংঝিরি এলাকার রাবার বাগানের মালিক শাহাজাহান বলেন, সন্ত্রাসীরা ৬টি বাগান থেকে ২৬ জন শ্রমিককে অপহরণ করেছে। তার বাগান থেকেই ১২ জনকে নিয়ে গেছে।
এ বিষয়ে লামা থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী এই অপহরণের সঙ্গে জড়িত। এর আগে তারা সরই ইউনিয়নের বমুখালে তামাকখেতের শ্রমিকদেরও অপহরণ করেছিল।











