বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে ৫ টাকা বেশি

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকায় বিক্রি হবে। তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। এর আগে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারের মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকেরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি দাম বাড়ানোর। তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন লিটারে ১০ টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছিল।

 

শেষ পর্যন্ত সরকার লিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বাণিজ্য সচিব বলেন, “সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অর্থাৎ লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত থাকবে।”

 

তিনি জানান, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, “সেটা তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

 

সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হওয়ার ফলে আগের তুলনায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের ৫ টাকা বেশি খরচ হবে। অন্যদিকে খোলা সয়াবিন ও পাম তেলের দরে এখন কোনো পরিবর্তন হচ্ছে না।

 

এর আগে ২৯ এপ্রিল প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করা হয়। পাম তেলের দাম রাখা হয় আগের দরে।

 

এরও আগে গত বছরের ১৪ অক্টোবর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা এবং খোলা পাম তেলের দাম লিটারে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল।

 

ওই সময় বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা হয়। খোলা সয়াবিন তেল ১৬৮ টাকা থেকে বেড়ে ১৭৬ টাকা এবং খোলা পাম তেল ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়। একই সময়ে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২৫ টাকা বেড়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

চলতি বছরের ১২ এপ্রিল বাজারে ভোজ্যতেলের “পর্যাপ্ত” সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তাদের “অহেতুক” আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। তবে পরে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বাণিজ্য সচিবের কাছে নতুন বেতন কাঠামো অনুমোদন এবং সম্প্রতি চিনির দাম বাড়ার পর সয়াবিন তেলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, “কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।”