অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের টিকিটের দাম বৃদ্ধি এবং রেমিট্যান্স পাঠানো বন্ধের বিষয়ে সম্প্রতি প্রচারিত মিথ্যা তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণ এবং প্রবাসীদের আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, বিমানের টিকিটের দাম না কমানো পর্যন্ত রেমিট্যান্স পাঠানো বন্ধ করা হবে। তবে, বিমান কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, টিকিটের দাম এবং রেমিট্যান্স পাঠানোর মধ্যে কোনো সম্পর্ক নেই।
এছাড়া, ২৬ জানুয়ারি অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সংবাদ সম্মেলনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম উল্লেখ না করেই বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছিল। সংবাদ সম্মেলনে মূলত এয়ার টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং মজুতদারি বন্ধের বিষয়ে কথা বলা হয়। তবে কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিদ্যমান বুকিং পলিসি অনুযায়ী, রেমিট্যান্স যোদ্ধা বা মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য টিকিট বুকিংয়ে নাম এবং পাসপোর্টের বিস্তারিত তথ্য ছাড়া কোনো বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয় না।
বিমানের টিকিটের দাম নির্ধারণে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। বিগত ছয় মাসের মধ্যে মধ্যপ্রাচ্যগামী গন্তব্যের টিকিটের দাম বাড়ানো হয়নি বরং কিছু ক্ষেত্রে ভাড়া কমানো হয়েছে। বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস সেন্টার, অনুমোদিত ট্র্যাভেল এজেন্ট বা কল সেন্টার থেকে টিকিট কিনতে সকলকে উন্মুক্ত সুযোগ রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জনসাধারণ ও প্রবাসীদের কাছে আবেদন জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা থেকে সতর্ক থাকুন এবং সঠিক তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করুন।











