নিজস্ব প্রতিবেদক:
বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে পাঠদান কার্যক্রম এখনো চালু হয়নি। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফিরেছেন এক নিঃশব্দ শোকযাত্রায়, যেন ব্যথা চাপা দিয়ে ভাঙা হৃদয়ে পা রেখেছেন পরিচিত শ্রেণিকক্ষে।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের মূল ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন। প্রতিদিন যেখান দিয়ে হেসে-খেলে ক্লাসে যাওয়া, আজ সেখানে ছিল বিষাদের স্তব্ধতা। কোথাও কোনো কোলাহল নেই, নেই বন্ধুদের চেনা উচ্ছ্বাস।
সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শ্রদ্ধা জানানো হয় সেই ভয়াবহ দুর্ঘটনায় নিহত সহপাঠীদের প্রতি।
এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন যেই ভবনের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যেতাম, আজ সেখানে শুধুই পোড়া গন্ধ আর শূন্যতা। আজ কোনো ক্লাস হয়নি। আমরা শুধু বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি।”
অন্য একজন বলেন, “এই মাঠে একসঙ্গে কত হাসিখুশি সময় কেটেছে আমাদের। আজ সব স্তব্ধ। আমার সহপাঠীরা আর ফিরে আসবে না—ভাবতেই বুকটা ভার হয়ে আসে।”
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, “শিক্ষার্থীরা ধীরে ধীরে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই লক্ষ্যেই সীমিত পরিসরে ক্যাম্পাস খোলা হয়েছে। তারা যেন বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে, শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারে—এটাই মূল উদ্দেশ্য।”
তিনি আরও জানান, এই মুহূর্তে পাঠদান চালু না করলেও, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ফেরাতে কলেজ কর্তৃপক্ষ ধাপে ধাপে কার্যক্রম শুরু করবে।
গত ২১ জুলাই এক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় রাজধানীর অদূরে। দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের একাধিক শিক্ষার্থী নিহত হন এবং আহত হন অনেকে। এরপর তিন দফায় কলেজ ছুটি ঘোষণা করে, সর্বশেষ ২ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয় শিক্ষা কার্যক্রম।
এ সময় কলেজের প্রশাসনিক কার্যক্রম চালু ছিল এবং আহতদের সহায়তায় গঠিত হয় একটি কন্ট্রোল রুম।











