বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানালেন সামিরা খান মাহি
অনলাইন ডেস্ক:
বর্তমান সময়ের ব্যস্ত টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি জানিয়েছেন, তিনি প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামে এক তরুণের সঙ্গে। ২০২৩ সালের ৪ জুলাই ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে সম্পর্কের কথা জনসমক্ষে আনেন তিনি। দুই পরিবারের মধ্যেও সম্পর্কের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানান মাহি।
তবে প্রেমের এই সম্পর্ক প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনো বিয়ের সিদ্ধান্তে পৌঁছাননি এই অভিনেত্রী। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মাহি সোজাসাপ্টা বলেন, “সম্পর্কের কথা সবাই জানে, আমরা সময় নিচ্ছি। তবে বিয়ে করলে সবাইকে জানিয়েই করব।”
তিনি আরও বলেন, “যখন একটা সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েরা ভাবে—এই মানুষটার সঙ্গেই থাকব। আমিও তাই চাই। কিন্তু সবসময় সম্পর্ক টিকে যায় না। সেটা প্রেম হোক বা বিয়ে, অনেক কিছুই ভাগ্যের উপর নির্ভর করে। তাই পরিকল্পনা থাকা জরুরি হলেও বাস্তবতা ভিন্ন হতে পারে।”
মাহি ও শাফির সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়ে, যা পরে রূপ নেয় প্রেমে। এক সাক্ষাৎকারে মাহি বলেছিলেন, “শাফি আমার খুব ভালো বন্ধু ছিল। এক সময় সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়।”
২০১৪ সালে ‘রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট’ প্রতিযোগিতার প্রথম রানার-আপ হওয়ার মাধ্যমে শোবিজে পা রাখেন সামিরা খান মাহি। এক সময় কাজ করলেও কিছু বছর বিরতিতে ছিলেন তিনি। পরবর্তীতে ‘তরুণ তুর্কি’ নাটকে প্রথম অভিনয় করেন এবং ‘গার্লস স্কোয়াড’ নাটকে কাজ করে আলোচনায় আসেন। এছাড়া ‘পারিবারিক গোলযোগ’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘আকাশ বাড়িয়ে দাও’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।
