বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঋণের পাহাড়, অস্তিত্ব বিহীন ১৬টি কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩২টি কারখানার মধ্যে ১৬টির অস্তিত্ব নেই, তবে এই কোম্পানিগুলি ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ১২টি কারখানাকে ব্যবস্থাপনা কর্তৃক বন্ধ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। বর্তমানে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শুধুমাত্র ৩টি কারখানা চালু রয়েছে।

ড. সাখাওয়াত আরও জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৩২টি কারখানার বিপরীতে বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ বর্তমানে ৪০ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু জনতা ব্যাংকের পাওনা ২৩ হাজার ২৮৫ কোটি ৪২ লাখ টাকা। তিনি এটি গত সরকারের দুর্নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি “সর্বোচ্চ ব্যাংক লুট”।

তিনি আরও জানান, ২১ জানুয়ারি, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর মায়ানগর মাঠে জমায়েত করে কারখানাগুলো খুলে দেওয়ার দাবি জানান এবং ২২ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ শাটডাউন কর্মসূচি গ্রহণের হুমকি দেন।

এছাড়া, তিনি বলেন, গত বছরের ২৪ নভেম্বর সরকার একটি উপদেষ্টা কমিটি গঠন করে, যাতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় সুপারিশ তৈরি করা হয়।