অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এম এ আজহারুল ইসলাম এবং ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাবেক এমপি ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
সিএমএম আদালতে গুলশান থানার অস্ত্র মামলা ও উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগারওয়াল, বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলাম মজুমদার, পল্লবী থানার মো. আবিদ হত্যাচেষ্টা মামলায় কামাল আহমেদ মজুমদার এবং যাত্রাবাড়ী থানার মনজুরুল ইসলাম জিসান হত্যাচেষ্টা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।
অন্যদিকে, সিজেএম আদালতে আশুলিয়া থানার এক হত্যা মামলায় ডা. এনামুর রহমান এবং বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি আরেক মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া, সাভার থানার আরও ৬ মামলায় ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা পরে আদালত মঞ্জুর করেন।











