ভিয়েতনামের উত্তরাঞ্চলে বন্যার পর ভূমিধসে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

ভিয়েতনামের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার পর ভূমিধসে চারজন নিহত হয়েছেন। গতকাল ভিয়েতনাম সরকার এই তথ্য জানিয়েছে। শনিবার মুষলধারে বৃষ্টিপাতের পর রোববার ভোরে বাক কান প্রদেশের বা বে জেলায় ভূমিধস ঘটে।

স্থানীয় কর্মকর্তা তিউ জুয়ান তাইয়ের উদ্ধৃতি দিয়ে সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাহাড়ের চূড়া থেকে বিস্ফোরণের মতো বিকট আওয়াজ শোনা যাওয়ার পর পাহাড় থেকে মাটি, পাথর এবং জল নেমে আসে।’’ স্থানীয় বাসিন্দারা কয়েক বছর আগে পাহাড়ের চূড়ায় দুই মিটার প্রশস্ত (ছয় ফুট প্রশস্ত) ফাটল দেখেছিলেন বলে জানিয়েছেন তারা।

এছাড়া, আবহাওয়ার পূর্বাভাসকারীরা আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছেন। তারা জানান, এই মাসে এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং উত্তর ও মধ্যাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, যা ধ্বংসাত্মক বন্যা ও ভূমিধসের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করা মানুষদের অবিলম্বে সরিয়ে নেওয়া হবে।

ভিয়েতনাম গ্রীষ্মম-লীয় ঝড়ের ঝুঁকিতে রয়েছে, যা প্রায়শই মারাত্মক আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণ হয়। সাধারণত, জুন থেকে নভেম্বরের মধ্যে দেশটিতে এই ঝড় আঘাত হানে। গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিয়েতনামে ৫১৪ জন প্রাণ হারিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি। ২০২৩ সালের সেপ্টেম্বরে টাইফুন ইয়াগি আঘাত হানলে ৩৪৫ জন নিহত হয় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।